কবিতা — চেয়েছিলেম

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ রূপক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

চেয়েছিলেম তোমায় মনের মতন করে —
ভেঙে-চুরে গড়ে নেব ইচ্ছার বিন্যাস ধরে;
নিরালায় মেলে দেয় মন ভাবনার পাখা,
যুক্তির বাঁধনে তারে যায় না তো রাখা।
হাজার শতাব্দী ধরে আবছা অন্ধকারে —
আত্মার জলছবি আঁকতে চেয়েছি পাথরে ;
চেনা চেনা লাগে তবু কত অচেনা যেন মন,
সাজাতে হৃদয়ের বুনন কত যে অলীক স্বপন।
ছায়ায় ভিতর দেখা যেন চেনা কোনো মুখ,
কাছে গিয়ে ধরলেই এসে যাবে সব সুখ;
অধরা পাওয়ার টানে ইচ্ছার কারিগর,
অজান্তেই সঁপে দেয় নিজেরে নিরন্তর।
স্মৃতির পাথারে ভাসে শত জনমের ছায়া,
অতলান্ত আঁধারে নাছোড় তৃপ্তির মায়া;
ভাঙা আয়নার মতো মনখানি যায় ফেটে,
সারাবেলা কাটে তবু নিজেরই ছায়া ঘেঁটে।
ব্যস্ততার ঘনঘটা ঠেলে নিয়ে যায় দূরে,
দিনের আলো নিভে যায় আঁধারের সুরে;
রাতের মাঝেও আলো অন্তরে খেলে যায়,
সুখের অলীক মোহে মরীচিকা আলো দেখায়।
সবুজ পথের দিগন্ত মিশে যায় ধূসর বালুতে,
আলোর আড়ালে দিন হয়ে যায় আলোহীন;
মনের মেঘে আশার রেশ ভেসে ভেসে অশেষ,
অসীম পিয়াসী হিয়া ব্যর্থতার বিরহে বিলীন।
যদি আঁধার নিশিতে এসে ছুঁয়ে যায় আলো,
তবু তো অধরাই রয়ে যায় আকাশের চাঁদ;
অন্তহীন তৃষ্ণা জেগে থাকে মনের অধরে,
অপেক্ষার অতলান্তে চির ক্লান্ত তৃপ্তির স্বাদ!

২ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা