না বলা কথাগুলি গান হয়ে এলো,
রেখে দিও মনে, যদি লাগে ভালো।
কতটুকু দেখা যায় চোখের পাতায়,
না-দেখা কত কিছু আছে এ ধরায়।
তেমনি না-বলা কথা কত রয়ে যায়,
নিস্তরঙ্গে ভাবনার সাগরে হারায়।
যা বলি, তার চেয়ে কত বলার আছে,
তবু পারি না বলতে তোমার কাছে।
মনের গভীরে কত কথা, কত গান,
অব্যক্ত অনুভব সাগর-তরঙ্গ সমান।
কোরো নাগো রাগ, রেখো না অভিমান,
প্রকাশ আর অপ্রকাশের আছে ব্যবধান।
যদি শুনতে চাও হৃদয়ের সেই ভাষা,
চোখের আলোয় মিটিয়ে নিও আশা।
না-বলা কথাগুলো ভাসে যখন মনে,
সুর হয়ে বাজে হৃদয়ে নীরবে গোপনে।