জীবন অনন্তের বুকে ইচ্ছার পথ চলা,
ধেয়ে চলে নব নব জন্মের ঊর্জায়;
আশার দোলায়, তৃপ্তির প্রতীক্ষায়,
অপূর্ণতার দীর্ঘশ্বাস বুকে চেপে নিয়ে
বার বার ফিরে আসি জন্মের যাত্রায়।
যা পাই হেথা অতি ক্ষণিকের,
যা হারাই, নহেতো দূর দিগন্তের;
পূর্ণতার ঈপ্সা জাগে অন্তর-অন্তরে,
অপূর্ণতার নৈরাশ্যেও হৃদয় ভেঙে পরে।
অদম্য ইচ্ছা হৃদয়ে সাহস জাগায়,
স্বর্গ মর্ত্য পাতাল ধেয়ে দেখিতে চায়;
সুখের তরে, প্রেমের আশে,
অনন্ত সুখ যদি থাকে বসে,
নিজেরই অচেনা ছায়াকে খুঁজি অন্ধ মায়ায়।
নদী ছুটে চলে সাগরের পানে,
প্রাণ ধেয়ে চলে অদৃশ্য আহ্বানে—
যেন হারানো এক পূর্ণতার স্মৃতি
ডেকে যায় অন্তহীন অনন্তের পানে।
অন্তরে প্রতিটি কোণে অতৃপ্তির ভার,
হৃদয়ে জাগে নতুন নতুন তৃষার;
যত ধরিতে চাই মুঠি চেপে ধরে,
বালুকার মতো সরে সময়ের পারে।
যে পরম বিন্দু হতে এসেছি ইচ্ছার স্রোতে,
দুর্নিবার আকর্ষণে নীরব অন্তঃসলিলা বহে প্রতিকণা হতে;
যেথা ইচ্ছার সকল তরঙ্গ স্তব্ধ হয়ে যায়,
যেথা আকাঙ্ক্ষার প্রদীপ নিজেই নিভে যায়,
যেথা চাওয়ার আর কোনো নাই অবশেষ।
থেমে যাবো একদিন—
ইচ্ছার চির অবসানে,
পূর্ণতায় চির তৃপ্তির,
পরমের সাথে মিলন ;
যেথা জীবন মৃত্যু পৃথক এক বিন্দু নয়,
যেথা আমি আর তুমি ভিন্ন নয়,
যেথা সকল চাওয়া বিলীন হয়ে যায়
অনন্তের সাথে নিজ সত্তায়।