চির তৃষা লয়ে ফিরি,
আমি তৃষিত-ভিখারি—
তৃষ্ণায় ফেটে যায় বুক;
মাগি শুধু এক মুঠো সুখ,
পারবে কি দিতে?

যা চাও এই পৃথিবীর,
সব কিছু দিতে পারি,
অভাব কিছুরই নেই;
আমি যে রাজ-ভিখারি—
সব পারো নিতে।

শুধু হবে দিতে মোরে
সেই এক মুঠো সুখ,
মেপে নেব হেসে-
মনের হিসেবে-কোষে;
পারবে কি দিতে?
এ মোর পেটের ক্ষুধা নয়,
আমি ভরা পেটের ভিখারি—
শুধু মাগি এক মুঠো সুখ,
নহি সম্পদের ব্যাপারি;
চাই প্রাণ খুলে নিতে।

উস্ন শুষ্ক মরুর বুকে
কাতর যাত্রী তৃষ্ণায়—
সব কিছুই পারে দিতে,
তারা বিনিময়ে শুধু চায়
বাঁচার একবিন্দু জল;
জগতের ঊষর পথে
শুকায় সুখের বিন্দু,
শুধু এক মুঠো সুখ,
চাই না আনন্দ-সিন্ধু;
অতি সরস শীতল।