তিস্তা সেদিন
রফিক চাচার উঠোন খেয়ে ফেলেছিল!
সনাতন কাকা দাঁড়িয়ে ছিলেন
জলের ভিতর হাঁটু সমান।

কেউ বলেনি
কে কার?
শুধু কাকা
চাচার হাতের শিরা ধরে বলেছিলেন,
“ডুবিস না রফিক,
তোকে হারালে আমার ঈশ্বরের
একটা নাম কমে যাবে।”

তারপর থেকে
তিস্তায় যখনই ভাঙন নামে,
দুই তীরের মাটি নয়,
আমাদের মুখের ভিতর থেকে
একটি করে অক্ষর খসে পড়ে।

রফিক চাচা আর সনাতন কাকা
সেই অক্ষর কুড়িয়ে
আজও পাশাপাশি বসে আছেন।

আর নদী!
চোরা বালির নিচে
নিজেরই বিরুদ্ধে
একটি দীর্ঘ সাক্ষ্য লিখে যাচ্ছে।
.... .......