মৃত মানুষ

তুমি মৃত মানুষ দেখেছ?
আমি দেখেছি।
প্রতিদিন আয়নায় দাঁড়াই— মুখটা বেঁচে থাকে, শুধু বিবেকটা অনেক আগেই বাজারদরে বিক্রি হয়ে গেছে।

শহর

কবরস্থানে নয়,
মৃত মানুষ সবচেয়ে বেশি পাওয়া যায় আলোকিত শহরে।
ওরা হাঁটে, হাসে, ভোট দেয়
প্রেমের কথা বলে!

ময়নাতদন্ত

ময়নাতদন্তে লেখা ছিল,
লোকটা শ্বাস নিচ্ছিল।
কেউ লেখেনি, অনেক আগে থেকেই সে সত্য বলা বন্ধ করে দিয়েছিল।

আয়না

আয়না আমাকে চেনে না।
যে মানুষটাকে দেখায়, তাকে শেষবার আমি দেখেছিলাম শৈশবে।

দাম

আজকাল মানুষের দাম জিজ্ঞেস করি না।
জানি, প্রত্যেকের গায়ে
কোনো না কোনো মূল্য তালিকা ঝুলছে।
....... .....