ঋতুকালে নদীরাও উদভিন্ন যৌবনা হয়,
করাল ক্ষুধায় তিস্তাও
কংক্রিটের পাহাড় কামড়ে ধরে।

বৃষ্টি-ভেজা নাভির নিচে থইথই জল
মনে হয় সৃষ্টির প্রথম
রক্তক্ষরণ এখনও শেষ হয়নি।

তবু জন্ম নেয় না কোনো মহাদেশ
ভেসে ওঠে শুধু আরও এক টুকরো চর!
যেখানে প্রথমে পতাকা পোঁতা হয়,
তারপর মানুষকে ভাগ করা হয়।

সভ্যতার ভদ্রলোকেরা
এখনও শুচিতার বুলি কপচায়,
আর ইতিহাস চুপিসারে নিজেকে জারজ বলতে শেখে!

নদীরা জানে
সবচেয়ে পবিত্র জলও
অনেক সময় নিষিদ্ধ উৎস থেকেই আসে।

তাই মানবতার জন্ম সনদে
মায়ের নাম লেখা থাকে,
বাবার জায়গায়একটি দীর্ঘ নীরবতা!
................. ........