করবী তরুতে সেই আকাঙ্ক্ষিত গোলাপ ফোটে নি।

এই শোকে ক্ষিপ্ত আমি; নাকি ভ্রান্তি হয়েছে কোথাও?

অবশ্য অপর কেউ, মনে হয়, মুগ্ধ হয়েছিল,

সন্ধানপর্বেও দীর্ঘ, নির্নিমেষ জ্যোৎস্না দিয়ে গেছে।

আমার নিদ্রার মাঝে, স্তন্যপান করার মতন

ব্যবহার ক’রে বলেশিহরিত হৃদয়ে জেগেছি।

হায় রে বাসি না ভালো, তবু এও ধন্যসার্থকতা,

এই অভাবিত শান্তি, মূল্যায়ন, ক্ষিপ্ত শোকে ছায়া।

তা না হ’লে আস্বাদিত না হবার বেদনায় মদ,

হৃদয় উন্মাদ হয়, মাংসে করে আশ্রয়-সন্ধান।

অখচ সুদূর এক নারী শুধু মাংস ভোজনের

লোভে কারো কাছে তার চিরন্তন দ্বার খুলেছিলো,

যথাকালে লবণের বিস্বাদ অভাবে ক্লিষ্ট সেও।

এই পরিনাম কেউ চাই না, হে মুগ্ধ প্রীতিধারা,

গলিত আগ্রহে তাই লবণ অর্থাৎ জ্যোৎস্নাকামী।