তোমার মনের নাগাল পেতে যে দীর্ঘ পথ আমি ক্লান্তিহীন হেঁটেছি,
ততটা পথ হাঁটলে হয়তো পৌঁছে যেতাম প্রাচীন সিল্ক রুটের শেষ সীমানায়।
তোমার একটুখানি মনোযোগ পাওয়ার জন্য যতবার আমি নিজেকে ভেঙেছি,
ততবার ভাঙলে হয়তো ধ্বংসস্তূপ থেকে আস্ত একটা রোম শহর গড়া যেত।
তোমার একটি উত্তরের অপেক্ষায় আমি যতগুলো প্রহর গুনেছি,
ততটা সময় দিলে হয়তো পৃথিবীর সবচেয়ে দীর্ঘ আর সুন্দর মহাকাব্যটা লেখা হয়ে যেত।
তোমার চোখের ওই নীরব ভাষা পড়ার জন্য যত বিনিদ্র রাত আমি কাটিয়েছি,
ততটা শ্রমে হয়তো পড়ে ফেলা যেত সমুদ্রের অতলে ডুবে যাওয়া কোনো নাবিকের শেষ ডায়েরি।
অথচ দেখো, এত পথ, এত দীর্ঘ সময়, এত এত প্রহর পেরিয়ে এসেও
আমি তোমার মনের চৌকাঠে এক ইঞ্চিও এগোতে পারিনি।
আজ বড্ড ক্লান্ত হয়ে মনে হয়,
পৃথিবীর সবচেয়ে দীর্ঘ আর দুর্গম পথটা আসলে মক্কা, কাশী বা জেরুজালেম নয়,
সবচেয়ে দুর্গম পথ হলো
যে ভালোবাসে না,
তার হৃদয়ের দিকে হেঁটে যাওয়া।
- আতিকুর রহমান অন্তর
- ১৬ অক্টোবর, ২০২৬।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
চন্দ্রশেখর ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈