মায়ের ভাষা
- মিহির চৌধুরী ইমন
এত মিষ্টি ভাষায়, এত সুন্দর গান,
এত সুরেলা সুর—

যদি তোমাতেই জন্ম না নিতাম,
যদি তোমার আঁচলের গন্ধ না পেতাম,
তবে কি জানতাম,
ভাষাও কখনও মায়ের মতো মানুষকে আশ্রয় দিতে পারে!

তুমি শুধু একটি ভাষা নও—তুমি আমার মায়ের
ঘামে ভেজা মুখে ফুটে ওঠা প্রথম হাসি।
তুমি আমার প্রথম উচ্চারণ,
তুমি আমার প্রথম প্রেম,
তুমি আমার প্রথম পরিচয়।

যদি তোমাতেই জন্ম না নিতাম, তবে
অজানাই থেকে যেত—
কেন তোমার জন্য এত প্রাণ কাঁদে,
এত ভালোবাসা জন্ম নেয়,

আর কেন,
তোমার জন্য মানুষ বুলেটের সামনে
বুক পেতে দাঁড়ায়।