প্রেম এসেছিল, চলে গেল সে যে খুলি দ্বার,
আর কভু আসিবে না।
বাকি আছে শুধু আরেক অতিথি আসিবার,
তারি সাথে শেষ চেনা।
সে আসি প্রদীপ নিবাইয়া দিবে একদিন,
তুলি লবে মোরে রথে,
নিয়ে যাবে মোরে গৃহ হতে কোন্ গৃহহীন
গ্রহতারকার পথে।
ততকাল আমি একা বসি রব খুলি দ্বার,
কাজ করি লব শেষ।
দিন হবে যবে আরেক অতিথি আসিবার
পাবে না সে বাধালেশ।
পূজা-আয়োজন সব সারা হবে একদিন,
প্রস্তুত হয়ে রব,
নীরবে বাড়ায়ে বাহুদুটি সেই গৃহহীন
অতিথিরে বরি লব।
যে জন আজিকে ছেড়ে চলে গেল খুলি দ্বার
সেই বলে গেল ডাকি—
‘মোছো আঁখিজল, আরেক অতিথি আসিবার
এখনো রয়েছে বাকি।’
সেই বলে গেল, ‘গাঁথা সেরে নিয়ো একদিন
জীবনের কাঁটা বাছি—
নবগৃহ-মাঝে বহি এনো, তুমি গৃহহীন,
পূর্ণ মালিকাগাছি।’
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন