।।প্রত্যাবর্তন।।
সন্তোষ বন্দ্যোপাধ্যায়।
জন্মান্তর বলে যদি কিছু থেকে থাকে-
এই জন্মের পর আমার যেন এই বাংলার
মাটিতে প্রত্যাবর্তন হয় বারবার...
বাংলার এই মাটিদেশ আমার বহু জন্ম ধরে
ভীষণ -ভীষণ চেনা, আমার রক্তে মিশে আছে...
মনে হয়, বহু জন্মব্যাপী এই চেনা বাংলার মাটি,
এই চেনা বাংলার সুনীল আকাশ দেখে-দেখে
পরম শান্তিতে এক-একটা জন্ম কেটে গেছে...
রক্তিম পলাশ ফোটা কত মায়াময় বসন্ত-বিকেল
কেটেছে,আকাশের নীলচোখে চোখ রেখে শুধু!
হৃদয়ের মাঝে লালন করেছি, পঞ্চমের মোহময়ী
সুর,...
জন্ম-জন্মান্তর ধরে দেখে গেছি,অশ্বত্থের প্রান্তিক
শাখায় দুধ-সাদা জ্যোৎস্না ঢেলে গেছে
পূর্ণিমার থালা চাঁদ,...
কত সুখ,কত শান্তি,এই বাংলার শ্যামলিমা ঘাসে,
কত শান্তি এই বাংলার প্রশান্ত মাটিতে!
বারবার এই একটি প্রার্থনায় উদ্বেলিত হয়ে ওঠে
মন,আবার যেন ফিরে আসি এই রূপসী বাংলায়...
---০---
০৩-০৮-২০২৬, বিকাল ০৫-৩০