Amarendra sen

কবিতা - অস্তিত্বের সন্ধানে

Amarendra sen
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ রূপক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

আমি নির্মল শান্ত ভোরের
ডানা মেলা মুক্ত পাখি,
পৃথিবীর টানে মাটি আর
সবুজ ঘাসে হৃদয় রাখি।

সুউচ্চ গিরি-পর্বত বেয়ে,
সুনীল অবারিত আকাশ ছুঁয়ে—
নব দিগন্তের সুখ-আস্বাদনে
হারিয়ে যাই মনের গহনে।

আমি এক অতীব ক্ষুদ্র বিন্দু,
কিন্তু অনুভবে, চেতনার সর্বস্তরে;
মনে হয় ব্রহ্মাণ্ড অনন্ত হলেও—
আছি সব কিছুর কেন্দ্র-কুহরে।

সর্বশক্তিমান স্রষ্টা আমার হৃদয়ে
দিয়েছেন জ্বেলে আলোক-জ্যোতি;
মনশ্চক্ষে দেখতে পাই অনন্ত দৃশ্য —
বস্তু-অবস্তুর অন্তর, দৃশ্যমান দ্যুতি।

অনন্ত বিশ্বের মধ্যে মিশে গিয়েও
নেই অস্তিত্ব হারানোর অভাব;
তূরীয়ানন্দে আস্বাদি জগতের সব—
ভুলে গিয়ে আমি এক ক্ষুদ্র মানব।

পরে পড়বো
৩১
মন্তব্য করতে ক্লিক করুন