Amarendra sen

কবিতা - চির চিত চোর

Amarendra sen
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ আধ্যাত্মিক কবিতা, বিরহের কবিতা

জগত প্রিয় হে চির নবীন কিশোর,
না জানি কবে বেজেছিল বেণু তব—
সেই সুরে জগৎ আজও প্রেম-বিভোর।
কত রজনী,জোছনার মায়াবী আলো,
কত সন্ধ্যা, মনোহর বসন্ত চলে গেল;
আজও ফোটে ফুল তব পথ চেয়ে,
কুঞ্জে কুঞ্জে পিক গুঞ্জে তব গান গেয়ে;
হৃদি-বৃন্দাবন খোঁজে—কোথা চিত-চকোর?
যে পথে বেজেছিল নূপুর তব কমল পায়,
আকুল হৃদয় খুঁজতে আজও সে পথে ধায়;
যে সুরভিত মলয় ছুঁয়ে ছুঁয়ে যেত হেসে—
তব বসন, চরণ, কপোল, চঞ্চল কেশে;
ধুলাতে লুটায় কাঁদিতে চায়— কোথা সেই ননী চোর?
চুপি চুপি কে যেন ধরায় আজও বলে যায়,
প্রেম হয়ে আছো আজও তুমি শ্যামরায়;
যতদিন রবে জীব, আকাশ-বাতাস, ব্রজ-রেণু,
মানব হৃদয়ে বাজিবে তব মনহরা প্রেম-বেণু;
রবে তুমি শ্যাম, প্রেম হয়ে চির চিত চোর।

পরে পড়বো
২৩৫
মন্তব্য করতে ক্লিক করুন