Amarendra sen

কবিতা - একাকী

Amarendra sen

বড়ো একা লাগে প্রিয়তম—
যেন অনন্ত অবারিত অন্ধকারে
অসীম আকাশ শশী-তারাহীন,
চেয়ে থাকি একা অজানা সিন্ধুপারে।

এই ধরণীতে মানবের আনন্দ-কোলাহল
যেন এক মায়াবীর মরু মায়াজাল;
ক্ষণিকেই হয় শেষ বেদনার আঁখিজলে,
কোথায় হারিয়ে যায় অদেখা-অচেনার অতলে।

যেমন ঊষার আলোয় মনোরম শীতল বাতাস
জীবন-মধ্যাহ্নের দাবদাহে করে হাহুতাশ;
এ জগতে চিরদিন হায় কিছুতো না রয়,
ভোরের আগে শিউলির মতো আঁধারেই ঝরে যায়।

কে এলো কেবা গেলো মায়াবীর রাজে,
নেই খোঁজ নেই চিহ্ন কারো কাছে;
মহাবিশ্বে ক্ষুদ্রতম বুদ্বুদের মতো শুধু বসে থাকি,
আপনারে লয়ে জন্মজন্মান্তর আমি একাকী।

পরে পড়বো
৩৭৮
মন্তব্য করতে ক্লিক করুন