কত ভাবনা কত চিন্তা,
কত না বিনিদ্র রজনী;
কঠিন হলেও মরণপণে
ভাসাতে সুখের তরণী—
ছিনিয়ে আনতে চাই জীবনে সদাই
কালফণির মাথা হতে অমূল্য মণি।
ধন-সম্পদ ধরণীর রূপ-রসে—
চির তৃপ্তির অনাস্বাদিত আশে—
ডুবে যেতে চাই সুখ-সাগরে;
তবু প্রাপ্তি অধরা, আসে নাকো বসে,
আলেয়ার আলোর কুহক হাসে
জীবন ভাসাই বৃথা মায়াপাশে;
কালরাতে অবশেষে ফিরে চলে যাই—
পড়ে থাকে ধুলোয় শুধু একমুঠো ছাই।
————————–
কত ভাবনা কত চিন্তা,
কত বিনিদ্র রজনী;
ঈপ্সিত সেই সুখ পেতে—
ভাসাই মনের তরণী।
অকূল পাথারে খুঁজি,
ছিনিয়ে আনবো বুঝি—
কাল-ফণির মাথা হতে
স্বপ্নভরা সুখের মণি।
ধন-সম্পদ রূপ-রসে,
মনের আশে তৃপ্তি চাই;
আসে না তবুও বশে—
যারে খুঁজিয়া মরি সদাই।
আলেয়ার আলো সম,
বৃথা শ্রমে জীবন ভাসাই;
কালরাত এলে শেষে—
রেখে যাই একমুঠো ছাই।