Amarendra sen

কবিতা - জীবনের ভগ্নস্তুপ হতে

Amarendra sen
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ বিরহের কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

জীবনের ভগ্নস্তূপ হতে আসে বাঁচার আর্তনাদ,
ধরণীর কোণে কোণে;
নয়তো ভাগাড়ের শান্তির শয়ানে—
সাজানো ফুলের বনে, রাজার প্রাসাদে,
কিংবা দীনের কুঁড়েঘরে—
কান পেতে শুনেছি—
দিনের আলোয় আর নিশুতি রাতে,
অনন্ত অশ্রু মনের সলতে ভিজিয়ে, বাঁচার আর্তনাদ;
ঘুম ভেঙে যায়, কান পেতে রই সারা রাত।

সুন্দর সুঠাম শরীরে, মস্তিষ্কের কোষের তন্তুতে
বাঁচার ভীষণ আর্তনাদ;
ক্ষণিকের পাওয়া, আর চির-না-পাওয়ার
জানা-অজানার, জীবনের সংবাদ;
দীর্ঘ পথ চলে শান্তির ক্ষণে ওঠে দীর্ঘনিশ্বাস—
হিসাব মেলাতে না পারার করুণ আর্তনাদ।

আবার শীর্ণ শরীরেও দুটি বাড়ানো হাত,
ক্ষুধার অন্নের বিভীষণ আর্তনাদ।
ভোরের মতো সতেজ হলেও রূপসী,
জীবনের সবকিছু নিয়েও বাঁকা হয়ে থাকে শশী—
আনন্দের জ্যোৎস্নায় অন্তরে লুকিয়ে থাকে
অতৃপ্তির কালছায়া কিবা সুখাগ্নির উত্তাপ।

জন্মিলে মরিতে হবে, কিন্তু মরার আগে
প্রতিদিনের জীবন্ত মরণ এই ভবে;
জীবনের ভগ্নস্তূপ হতে ভেসে আসে—
অন্তরের অন্তস্থলে পরাজয়ের অনুভবে।
কোন সেই সুখের দুর্গম প্রাসাদ,
যার তরে মরে মরে বেঁচে থাকা— পাওয়ার তীব্র আর্তনাদ;
যেখানে নেই জীবন্ত জীবনে
ক্ষণে ক্ষণে মরণের ঘূর্ণি বিলাসের নিপুণ ফাঁদ।

পরে পড়বো
১১৮
মন্তব্য করতে ক্লিক করুন