Amarendra sen

কবিতা - নির্মম বিবর্তন

Amarendra sen
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ রূপক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

মনটা মরুভূমি যেন রুক্ষ শুষ্ক বালি,
খোঁজে মরুদ্যান বাঁচার কোথা এক ফালি।
আবেগের বুক চিরে এল দুই ফোঁটা—
হৃৎপিণ্ড পিষে দিয়ে উষ্ণ মরু জল;
প্রতিটি শিরাতে তুলে তীক্ষ্ণ কোলাহল।

মরমের ইতিহাস স্মৃতি-সূচি ধরে,
আরশিতে তুলে ধরে খুঁজে বের করে।
মেঘের চিল সময়ে হাঁস হয়ে যায়,
মোমের পুতুল ছিল ললিতা রূপসী—
সাদা কেশে লোল হেসে স্বপ্ন ভেঙে দেয় ।

অবাক দৃষ্টিতে দেখি চেয়ে সেই আমি,
কালে ছিল পৌরুষের কত না গোঁড়ামি।
ঝড় বয়ে ভাঙা দেহে , উড়ো উড়ো কেশ,
বিনা দাঁতে রোমিওর সব দম্ভ শেষ।
চলে গেল এত দিন—নাম-গন্ধহীন,
তেজ-উদ্যমের রথ কোথায় বিলীন?
রবি-শশী ঢলে গিয়ে, শৌর্য-বীর্যহীন,
কাঁদার নির্মম ক্ষণ বাকি শেষ দিন।

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন