কবে শুরু পথ চলা, আজো জানতে পারি নাই;
সময়ের পাখনায় বিবর্তন তার রঙ দিয়ে যায়।
জীবন, যৌবন, বুনে রাখা মনের স্বপন সরে যায়—
মন শুরু করে,সময় নিয়ে যায় নিয়তির ঠিকানায়।
নিপীড়ন-বঞ্চনার অবসান চেয়েছিল বিপ্লবী মন,
আগুনের জ্বালা—বিদ্রোহী প্রাণে ছিল বিষ ঢালা।
যৌবন উত্তাল—প্রেম ও বিপ্লবের গোলাপের ফাঁদে,
প্রবৃত্তির জল উচু-শৃঙ্গ ঘুরে ঢলে পড়ে মনের খাদে।
প্রাপ্তি পিছলে যায়—ধরা পড়ে না কঠোর মুঠো-হাতে;
প্রাগৈতিহাসিক অন্যায় ঘটে আজো পথে আর ঘাটে।
কত বিপ্লব এলো আর কত বিপ্লব ফিরে গেল,
রাখাল গরুর পাল নিয়ে যায় সেই পুরনো মাঠে—
সুখী সময়ের রাস্তায় সবাই ঘুমায় ,অঞ্জন ভবিষ্যৎ;
বিফল প্রেমিক-প্রেমিকা আঁধারে আজো একা
চাঁদের আলো দেখে—মনের জল শতবার ঘুলে,
বারবার নোনা জল ধেয়ে আসে দুই চোখ ঠেলে
