ঝরা পাতার চোখের জল মিশে যায়
বেলা শেষে মাটির ধুলায়।
দেহ গেলে চিতার আগুনে হয়ে যায় ছাই,
মনের কান্না তবুও কোনোদিন থামে নাই।
বিষণ্ণ সুর নীরবে বেজেই চলে,
স্মৃতির সৌধ প্রেমের তাজমহলে।
হারিয়ে যাওয়া দিনের ছায়ারা এসে,
নিঃশব্দ হৃদয়ে থমকে জেগে বসে।
পাথর, তুমি কাঁদতে শেখো নাই,
তোমাকে বাঁচিয়ে রেখে তাই—
তোমার বুকে হয় শিল্পের খোদাই।
তোমার না-বলা বেদনা, নীরব কান্না,
চোখেও একফোঁটা জল আনে নাই—
তুমি স্থবির মনের মতোই নীরব তাই।
শত ঝড়, শত রৌদ্র, শত বর্ষার গান,
তুমি দাঁড়িয়ে থাকো হয়ে নীরব প্রাণ।
মানুষ আসে যায় সময়ের স্রোতে ভেসে ভেসে,
তুমি সাক্ষী ধরা’র অস্তিত্বের পার— সময়ের শেষে।
