বাপন মান্না

কবিতা - প্রেম কাকে বলে?

বাপন মান্না
রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ অন্যান্য কবিতা, প্রেমের কবিতা

আচ্ছা প্রেম কাকে বলে?
তোমার চোখে প্রেম কেমন?
আমার চোখে?
আমার চোখে প্রেম মানে একটু স্বচ্ছ ভালোবাসা,
প্রেম মানে তোমার রেশমকোমল হাতটিকে স্পর্শ করার ইচ্ছা,
প্রেম মানে তোমার ওই হাতটি ধরে নির্জন রাস্তায় দুজনে হাঁটতে থাকা।
আমার চোখে প্রেম মানে কৃষ্ণচূড়ার নীচে
বিকালের ছায়ায় মৃদু হাওয়ায়
তোমার কোলের উপর আমার মাথাটিকে রেখে
দীর্ঘক্ষণ সময় কাটানো।
আমার চোখে প্রেম মানে গভীর রাতে ঘুমাতে যাওয়ার আগে
তোমার মুখ থেকে ‘শুভ রাত্রি’ শোনার অপেক্ষায় থাকা।
আমার চোখে প্রেম মানে সমস্ত দরকারি কাজের মধ্যেও
তোমার মুখটি মনে পড়া।
আমার চোখে প্রেম মানে সকালে চোখ খুললেই
তোমার মুখটি ভেসে ওঠা।
আমার চোখে প্রেম মানে কোনো উইকেন্ডে
কোনো ক্যাফেতে দুজনে সামনাসামনি বসে
চায়ের কাপে চুমুক দেওয়া।
আমার চোখে প্রেম মানে ফুল ছড়ানো রাস্তায়
আলতো করে তোমার কপোলে চুমু দেওয়া।
আমার চোখে প্রেম মানে এক বিধস্ত সুনামির শেষে
তোমার জন্য বাঁচতে চাওয়া।
আমার চোখে প্রেম মানে এক ধ্বংসাত্মক ঝড়ের শেষে
নতুন করে আবার বাসা বোনা।
আমার চোখে প্রেম মানে হাজার বসন্ত পার করেও
শুধু তোমার মিষ্টি মুখটি দেখতে চাওয়া।
আমার চোখে প্রেম মানে লাবণ্য, বিনোদিনী, চারুলতা,
আমার চোখে প্রেম মানে পাগলী, বনলতা সেন, নীরা,
আমার চোখে প্রেম মানে ফ্যানি ব্রাউন, জুলিয়েট, ক্লিওপেট্রা, ইমোজেন।

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন