আবার কখনো যদি ফিরে আসি আমি
শ্যামা এই বাংলাতে, ফিরে আসি ফের,
সাঁতরে নদীর বুকে নেব ধুয়ে মুছে
ক্লেশিত মননে র’লে জেগে কিছু অগোছালো জের।
দু’নয়নে গেঁথে নেব অবারিত ফসলের মাঠ
উড়ন্ত ঘুড়ির বুকে সঁপে তেজী আশা,
সজনে নেবুর তলে ঠিকই নেব যেচে
মায়ের আঁচলে ছিলো যতোটাই স্নেহ ভালোবাসা।
আবার কখনো যদি ফিরে আসি আমি
শ্যামা এই বাংলাতে, ফিরে আসি ফের,
রাখালি বাঁশির সুরে হয়ে মাতোয়ারা
এ’ বাট সাজিয়ে নেব
চিবিয়ে ছড়িয়ে দিয়ে গোধুলিতে ছোবড়া আখের।
গড়বো বাড়ির পিছে ডাংগুলি খেলা
কখনো বাটুল শাখে মিলে মিশে ব্যাঙের শ্লোগান,
বটের অদূরে দেখে হাটুরের সারি
নেবোই যতনে খুঁজে ঘামে মাখা বাবার পিরান।
আবার কখনো যদি ফিরে আসি আমি
শ্যামা এই বাংলাতে, ফিরে আসি ফের,
ভীষণ ব্যাকুল হয়ে নিশুতির ডাকে
চেনা সে’ মাটির দোরে বুঝে নেব মুখটি চাঁদের।
আহত পেয়ারা চুপে কুড়ানোর কালে
ভূতু হলে বাদুরের ভান,
মাছের মিতালী নেব এ’ হৃদয়ে বেঁধে
যখনই উঠবে জেগে চতুর্দিকে ভোরের আজান।
কবিতা — আবার কখনো যদি ফিরে আসি আমি
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
দেশাত্মবোধক কবিতা
৩৭৪
এআই বিশ্লেষণ (মূলভাব)
এই কবিতায় কবি শ্যামল বাংলায় ফিরে আসার তীব্র আকুতি ব্যক্ত করেছেন। রূপসী বাংলার নদী, ফসলের মাঠ, রাখালের বাঁশি, শৈশবের ডাংগুলি খেলা এবং মা-বাবার স্নেহের স্মৃতি কবিকে গভীরভাবে আলোড়িত করে। প্রকৃতির নিখাদ সৌন্দর্যের মাঝে নিজের ক্লান্ত মনকে ধুয়ে মুছে নতুন করে খুঁজে পাওয়ার ব্যাকুলতা এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আবহকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই কবিতায়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সব্যসাচী দেব
শুভ জন্মদিন! 🎈
শ্রী অজয় কুমার দে
শুভ জন্মদিন! 🎈