তোমার কপালের সূর্য মুছে গেছে কোন এক অমাবস্যার রাতে
উনুনেরজলে স্নান সেরেছো, শরীর তোমার এখনো অগ্নিপিণ্ড
বুকের উপর পুঁজিবাদী আগ্রাসন, রক্তবর্ণ নিথর বিদগ্ধ ঠোঁট
তোমাকে ক্ষমা করেনি সময়, জরায়ুতে পোষা নিষ্ক্রিয় ফুল।
তোমার স্তন চুষে চুষে পিপীলিকারা মাতাল বুনো হাওয়ায়
বিকৃত নখর আঁচড় বিঁধেছে, ক্ষত বিক্ষত পূর্ণিমার উঠোন
হাত বাড়িয়েছি বুকে নেবো, অনাদরে বিধ্বস্ত কাঠকয়লা শরীর
মানুষ চিনতে পারোনি, মানুষ নেই কোথাও, সব অশরীর ছায়া!
কোন এককালে বসন্তবাস ছিলো চারিদিকে প্রণয় সুবাস
এক জাদুকরী নদিও ছিলো কাশফুলের বাহারি দুইপাড়
তখনও আমি সাঁতরে পার হতে পারিনি, গভীর জলে ডুব
বারবার পুড়িয়েছি নিজেকে, প্রেম যেন দৈবাৎ আগুণ।
তুমি আজ বিবাগী, সময়ের পরিত্যক্ত স্মৃতির সুষমা
তোমাকে ঘিরে দুঃস্বপ্নের কালোহাত, কৃষ্ণবর্ণ চারিদিক
রাতগুলো খামচে ধরেছে অন্ধকারের পিচাশ সুবর্ণ শকুন
চাঁদের প্রাঙ্গণে কাটাকুঞ্জ, রক্তাক্ত গোলাপ পাপড়িদল।

মন্তব্য করতে ক্লিক করুন