আমার দু:খ, আমার স্বপ্ন
তুমি আমার ভেতরের আকাশ দেখোনি
পান করোনি আমার আকাশে গড়ানো ঝর্ণার জল.
সীমাহীন পার্থিব মহাশূন্যতায় ব্যাপ্ত
মরুভুমি ছড়িয়ে আছে আমার নিশ্বাস,
দেখোনি নিঃশ্বাসের বিশুদ্ধ ধোঁয়ার জলোচ্চ্বাস
কতকাল নিঃশর্ত প্রণয় হয়নি ভালবাসার নামে
আগুন আর জলের বিমোহন সঙ্গম।
আজ তোমাকে নিয়ে যাবো আমার ভেতরে আকাশের কাছে
পাথুরে বুক ভাঙছে মহাকাশযান অনবরত
নদী উপচে পড়ছে নীলাভ কষ্ট-জলে
তোমাকে দেখাবো আজ
শোকপোষা শরীর, ঝুলে থাকা কষ্টের পাপড়ি
বিশ্বাসের পথ ভেঙ্গে আলোর সন্ধানে অমাবশ্যার রাত।
তোমাকে দেখাবো নশ্বরতায় ক্ষয়ে যাওয়া স্বপ্নগুলো,
আদরে জমিয়ে রাখা দু:সহ সময়গুলো,
আজ সব তোমাকে দেখাবো
দেখাবো আকাশে মেঘ কেমন করে বরফ হয়ে জমে থাকে,
আবার বাষ্প হয়ে দু;খগুলো ফেরি করে
আমার দুঃখ, আমার স্বপ্নই আলোকিত মেরুপথ।
তুমি আমার পাঁজরের মধ্যে জাহান্নাম দেখতে পাবে,
অদম্য শক্তির সৌন্দর্য,
আমি তোমাকে সেখানে নিয়ে যাব,
অনন্ত আনন্দের জায়গা
যেখানে সুখের জন্য ডুব দিতে পারো
চিরস্থায়ী সময়।

মন্তব্য করতে ক্লিক করুন