অন্তরের ডাক
এইচ এম হাছনাইন
নিশীথ রাতের নীরবতায়, নিভৃত অন্তরে,
ডাকি তোমার পবিত্র নাম অশ্রুভেজা স্বরে।
হে আমার রব, হে রহমান, হে রহীম মহান,
তুমি ছাড়া নেই তো আমার আর কোনো অবলম্বন।
দুনিয়ার এই ক্ষণিক মায়া, মিথ্যা সব রঙিন,
তোমার নূরের সামনে সবই হয়ে যায় ক্ষীণ।
ভুলের বোঝা বয়ে আমি ক্লান্ত এই প্রাণে,
ক্ষমার দরজা খুলে দাও তোমারই আহ্বানে।
চোখের জলে ভেজা দোয়া ওঠে আকাশ পানে,
ফিরে আসে শান্তি হয়ে তোমার রহমতখানে।
হৃদয়ের সব ব্যথা নিয়ে দাঁড়াই তোমার দ্বারে,
তুমি ছাড়া কে-বা আছে, শোনে ডাকে সাড়ে?
হে আল্লাহ, তুমি জানো অন্তরের সব কথা,
গোপন যত কষ্ট আছে, অশ্রুর সব ব্যথা।
তোমার দয়া সাগরসম, সীমাহীন তার ঢেউ,
এক ফোঁটা যদি পাই তবে মুছে যাবে বেদনা ঢেউ।
নবীর পথে চলার তাওফিক দাও হে প্রভু,
সুন্নাহর আলোয় ভরে উঠুক জীবন সবটুকু।
তাঁর দেখানো পথে যেন চলি প্রতিক্ষণ,
তাঁর ভালোবাসায় ভরে উঠুক এই মরণশীল জীবন।
এই দুনিয়ার মোহে পড়ে হারাই বারবার,
শয়তানের ফাঁদে পড়ে যাই যে নিরুপায় আবার।
তোমার হিদায়াত ছাড়া পথ যে পাই না খুঁজে,
অন্ধকারে ডুবে যাই, হারাই নিজেকে বুঝে।
তাই তোমারই কাছে চাই নূরের এক দিশা,
যা আলোকিত করবে হৃদয়, মুছাবে সব পাপের দাগ-দুশ্চিন্তা।
আমার এই ভাঙা মনটা গড়ে দাও নতুন করে,
তোমার প্রেমের আলোয় ভাসি সারাজীবন ভরে।
শেষ নিশ্বাসে যেন শুধু থাকে তোমার নাম,
কালিমার সুরে ভরে উঠুক জীবনের পরিণাম।
কবরের আঁধারে দাও শান্তির পরশ,
হাশরের ময়দানে করো না আমাকে পরাজিত ও নিরাশ।
জান্নাতের সেই শীতল ছায়া দাও হে মহান,
তোমার সন্তুষ্টিতেই যেন পূর্ণ হয় আমার প্রাণ।
এই দোয়া করি নিরবে, হৃদয়ের গভীর থেকে—
হে আল্লাহ, রাখো আমাকে তোমার রহমতের ঢেকে।

মন্তব্য করতে ক্লিক করুন