আমার ঘরে কোনো জাদুঘর নেই।
তবু একটি তাকের ওপর
তোমার দেওয়া একটি মিষ্টি রঙা শার্ট,
একটি শুকনো ফুল,
ভাঁজ করা চার জোড়া মোজা
এবং একটি শেষ বৃহস্পতিবার
নিঃশব্দে প্রদর্শিত।
দর্শনার্থী নেই।
টিকিটের প্রয়োজন নেই।
শুধু আমি
প্রতিদিন নিজের অতীতের
এই ছোট্ট প্রদর্শনীতে
প্রবেশ করি।
কোনো বস্তু স্পর্শ করি না।
স্পর্শ করলে
ইতিহাস ভেঙে পড়ে।
মানুষ চলে যাওয়ার পর
তার জিনিসগুলো
আর জিনিস থাকে না।
তারা হয়ে ওঠে
একটি অনুপস্থিত মানুষের
ছোট ছোট সমাধিফলক।
খসড়াধ্বনি: স্মৃতি কি মানুষকে ধরে রাখে, নাকি তার রেখে যাওয়া বস্তুগুলো আমাদের বন্দি করে?
কবিতা — ব্যক্তিগত জাদুঘর
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
বিরহের কবিতা
,
প্রেমের কবিতা
১১
এআই বিশ্লেষণ (মূলভাব)
‘ব্যক্তিগত জাদুঘর’ কবিতাটিতে হারানো ভালোবাসার স্মৃতি ও অনুভূতির এক বিষাদময় প্রকাশ ঘটেছে। প্রিয় মানুষের রেখে যাওয়া তুচ্ছ জিনিসপত্র—যেমন একটি শার্ট, শুকনো ফুল বা মোজা—কেবল বস্তু থাকে না, বরং অনুপস্থিত মানুষের সমাধিফলক হয়ে ওঠে। কবি স্মৃতির এই অস্পৃশ্য প্রদর্শনীকে অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরেছেন, যেখানে স্মৃতি মানুষকে আঁকড়ে রাখে আর ফেলে যাওয়া জিনিসগুলো তাকে এক নীরব বন্দিদশায় আবদ্ধ করে।