আকাশ-বিহারের ক্লান্তি মোচনে এক মুহূর্তের জন‍্য হারাই
আমি- একা শ‍্যামল-সড়কের পাশে সমান্তরাল দাঁড়াই
তাসকেন্তের এক বাউল দুপুরে;
পাশে বিশাল ম‍্যাপলের সারি- কাছে দূরে…

পারিপার্শ্বের সকল কিছু আমাকে যুগপৎ আটক করে;
আমার ‘আমি’ যেন আমার অগোচরে
সময়ের অধীন হয়ে যায়
এই ক্ষণিক বিভুঁই-মায়ায়…

আকাশ-বনানীর শ‍্যামলীমা-তাড়িত বিমুগ্ধ সত্তা
আচমকা সংবিৎ ফিরে পায়;
দেখে- পিচঢালা রাস্তায়, সতেজ সবুজ গালিচায়
পড়ে আছে অজস্র আবির-রাঙা ম‍্যাপল পাতা,
তারা নাকি সকলেই মৃত!

মৃত‍্যুর রঙ এতটাই লাল! জীবনের ঘোর বিপরীতও!
জীবন তো প্রগাঢ় এক সবুজের মেলা!
-এ দেখা একেবারেই অদেখা…

টেমসের পাশেও সড়কজুড়ে দেখেছি এই ফুরানোর খেলা-
মৃত‍্যুর হিড়িক- গাঢ় লাল, আবিররঙা, রহস‍্য-রঙিন…
তার ভেতরে যে অদৃশ‍্য জীবনের আন্তঃপ্রবাহ দেখেছি,
তা জীবন্ত টেমসের বুকেও খুঁজে পাইনি কোনদিন…

কে আর কত খোঁজ রাখে-
জীবনের বাঁকে বাঁকে!
এ রঙিন চরাচরে পড়ে আছে কত রহস‍্য হাল!

তবে আছে কি কোন ম‍্যাপল-মানুষ?
মৃত‍্যু যার এতটাই লাল!
(অক্টোবার ২০১৮, তাসকেন্ত ও লন্ডন)