কবিতা — বেঁচে থাকার জন্য ভালোবাসা

শুক্রবার, ১০ জুলাই ২০২৬ অন্যান্য কবিতা, প্রেমের কবিতা

এ জীবন জুড়ে রংয়ের মেলা
সেই মেলা ভালবাসার জন্য ,
যা হৃদয়ে নিত্য নতুন
জোয়ার তোলে অনন্য ।
মধ্য বেলায় বসন্তে তার
পলাশের লালে লাল ,
এ নীলাম্বরী মন ময়ুরী
নাচে মিলিয়ে তুলে তাল ।
আজ প্রেয়সী সামনে এসো
বলবে কিছু মন খুলে ?
শুনে হরযে পরাব কেশে
কৃষ্ণচূড়ার ফুল তুলে ।
রকমারি রঙের আলতা রাঙা
দুহাত নজর কাড়বে ,
জানি না এই ভালোবাসা মনে
দিন দিন কত বাড়বে ?
তুমি চুল বেধে বিকেলের রোদে
হাঁটবে আমার পাশে ,
ক্লান্তি শেষে দুজনে এসে
বসব গিয়ে ঘাসে ।
সমীর উড়াবে বাসন্তী শাড়ীর
লাল পেড়ে আঁচলখানি ,
আমি সাথে সাথে আমারই হাতে
তোমাতে দিব তা টানি ।
দখিণা পবনে আজ এ লগনে
কচি পাতার গেঁথে মালা
পরে দিয়ে গলে মোরা যুগলে
হেসে যাব ভুলে জ্বালা।
তুমি গেয়ে গান ভরে দিবে প্রাণ
আমিও দিব সুর তুলি ,
তুমি আমি চুকে কেটে যাব সুখে
ভালবাসার প্রিয় ক্ষণগুলি ।
সেই প্রেম সেই ভালবাসা আছে
শরীরে রক্তে মিশে ,
তুমি বিনা প্রিয় কাঁদব জীবনে
মাথা রেখে বালিশে ।

৪ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা