বিরহ – বিলাপ
বিরহ – বিলাপ
আফসানা আক্তার মীম

গল্প - বিরহ – বিলাপ

আফসানা আক্তার মীম
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বিরহ

তাঁহাকে বলে দিও –
অদ্য আমি কূলহীন এক তরণী, লক্ষ্যভ্রষ্ট এক পান্থ। আমার সেই শ্বেতশুভ্র তরণীটি আজি তাহার ধ্রুবতারা হারাইয়া, গন্তব্য ভুলিয়া কোনো তটে ভিড়িবার অধিকার চিরতরে বিসর্জন দিয়াছে; নিভৃতে বিলীন হইয়াছে চিরতরে দূর এক অজানায়…

​মোর এই অন্তরের ক্ষতসমূহ পুষ্পের ন্যায় বিকশিত হইয়াছে; সেই বিষাদ-পুষ্পের সুবাসে আমার ঋতুরাজ আজি সুরভিত। অথচ, কী বিচিত্র এই নিয়তি! এই ক্ষতপুঞ্জই আমার নিকট হইতে প্রাণ ভিক্ষা প্রার্থনা করিতেছে। হস্তে স্মৃতির প্রদীপ শিখা ধারণ করিয়া এই সুদীর্ঘ জীবন অতিবাহিত করা আমার পক্ষে দুঃসাধ্য হইয়া পড়িয়াছে।

​তাঁহাকে কহিও, তাঁহাকে কহিও…
যেন তিনি এই অধমের নিমিত্তে কিঞ্চিৎকালও বিষাদ-সিন্ধুতে নিমজ্জিত না হোন!

​মোর এই বাসনাপুঞ্জ আজি কালজয়ী এক দুঃসাহসিকতায় দীপ্ত; ইহারা মর্ত্যধামের নশ্বরতাকে অতিক্রম করিয়া আমার নিভৃত সমাধিস্থলকেও চির-সুরভিত করিয়া রাখিবে।
আমার যে সাধ, যে নিভৃত অনুরাগ ছিল – তাহারা অকুতোভয় সৈনিকের ন্যায় মৃত্যুকেও তুচ্ছ জ্ঞান করিয়া দাঁড়াইয়া আছে।

​এই যে আকাশচুম্বী বর্ণিল স্বপ্নের মায়াজাল আর মহাকালের নিঠুর ক্রীড়া – আজি মর্ত্যের এই জীবন-অপরাহ্নে নিভৃতে জানিলাম যে, চূর্ণ হওয়াই উহাদের পরম আভিজাত্য। কাঁচের ন্যায় এই স্বপ্নরাজি ভাঙ্গিয়া গিয়াছে বলিয়াই আজ তাহারা সত্যের আলোকে উদ্ভাসিত। ভঙ্গুরতাই যে সৌন্দর্যের শাশ্বত ধর্ম আর সম্পূর্ণ ধ্বংসের মাঝেই যে সৃষ্টির চরম সার্থকতা নিহিত, তাহা এই নিঃসঙ্গ গোধূলি বেলায় আমার মর্মমূলে উপলব্ধি করিলাম…!

তাঁহারে কহিও –
​আমার সেই অর্দ্ধস্ফুট বচন, নির্জনতায় গভীর নিশীথে রক্তচক্ষু লইয়া অর্ধেক মিনতি আর চঞ্চল ছায়ার ন্যায় সেই ক্ষীণ সান্নিধ্যের কাহিনী।

​মরু-বালুকার ন্যায় শুষ্ক ও ভস্মীভূত ওষ্ঠাধর লইয়া আমার এই কোমল হৃদয় আজ নিজেরই পরাজয়ের ধ্বংসস্তূপে বসিয়া এক নিঠুর অট্টহাসি হাসিতেছে – যেন এক রিক্ত সম্রাট তাহার হারানো সাম্রাজ্যের পানে চাহিয়া বিদ্রূপ করিতেছে। আপনার স্মৃতির চিতা-অনলে দগ্ধ হইয়া আমার অস্তিত্ব আজ যে পাণ্ডুর ভস্মে পরিণত হইয়াছে, আমার সেই করুণ ও শ্রীহীন পরিণতির বার্তাটি বিনম্র চিত্তে তাঁহার চরণে অর্পণ করিও।

যাহা প্রেম ছিল,আজি তাহাই অবিরল অশ্রু হইয়া ঝরিয়া পড়িতেছে। এই আঁখি-বারি চিরস্থায়ী নহে, সময়ের স্রোতে শুকাইয়া যাইবে। কেবল আমার হইয়া তাঁহাকে জানাইয়া দিও – এই নিঃশব্দে আত্নাহুতি দেওয়ার নামই প্রেম…!

পরে পড়বো
৩৮
মন্তব্য করতে ক্লিক করুন