রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - চরণ

রবীন্দ্রনাথ ঠাকুর
বুধবার, ২৮ মে ২০২৫ বিবিধ কবিতা

দুখানি চরণ পড়ে ধরণীর গায়।
দুখানি অলস রাঙা কোমল চরণ।
শত বসন্তের স্মৃতি জাগিছে ধরায়,
শতলক্ষ কুসুমের পরশ-স্বপন!
শত বসন্তের যেন ফুটন্ত অশোক
ঝরিয়া মিলিয়া গেছে দুটি রাঙা পায়!
প্রভাতের প্রদোষের দুটি সূর্য্যলোক
অস্ত গেছে যেন দুটি চরণ ছায়ায়!
যৌবন সঙ্গীত পথে যেতেছে ছড়ায়ে,
নূপুর কাঁদিয়া মরে চরণ জড়ায়ে,
নৃত্য সদা বাঁধা যেন মধুর মায়ায়।
হোথা যে নিঠুর মাটি, শুষ্ক ধরাতল,—
এস গো হৃদয়ে এস, ঝুরিছে হেথায়
লাজ-রক্ত লালসার রাঙা শতদল।

পরে পড়বো
২০৪
মন্তব্য করতে ক্লিক করুন