কী নাম তোমার মেয়ে?

নদী।

মাতাল ঢেউয়ে ডুবিয়ে দেবে, নৌকা ভাসাই যদি?

ডুবিয়ে দিলে দেব,
তার বিনিময়ে সবটুকু যে বুকেই টেনে নেব!

কিন্তু, জলে ভীষণ ভয়,
জল ছাড়া কি এই হৃদয়ের হয়না বিনিময়?

হয় তবে তা শুষ্ক কঠিন, গভীরতম নয়।
জলের ভেতর চুপটি ছোঁবে প্রবল পরিণয়।

তাই?

হু। জল না হলে অনুভূতির সকল অযথাই।

নৌকা ভাসাই তবে,
মাতাল ঢেউয়ে ডুবেই না হয়, আবার বাঁচা হবে।

এই যে মেয়ে, নদী,
সত্যি অমন বুকের ভেতর আগলে রাখ যদি,
এক জনমের সকল হিসেব ভুলে,
তোমার বুকেই ডুবব নিরবধি।

কান্না নামের জলে, অবাক কৌতূহলে,
একজনমের সব ছুঁয়ে মেঘ কাঁদে, বৃষ্টি নামের ঢলে।