মুখোমুখি
শংকর ব্রহ্ম
সারাদিন পর সন্ধ্যায় ঘরে ফিরে মনেহয় শেষে
বড় বেশী নিজেকে মজানো হল আমিত্ব প্রচারে,
এখন শান্ত হয়ে কিছুক্ষণ নিশ্চুপ বসা
নিজের কাছেই।
বড় বেশী কোলাহল চারিদিকে শুধু
যথার্থ প্রতিবাদ কই?
সন্ধ্যায় ঘরে ফিরে তাই একমাত্র কাজ আমার
এখন আকাশ দেখাই।
বাড়াবাড়ি রকমের আনন্দের পর
যেমন বিষাদ আসে অকস্মাৎ মনে
তেমন ধরেছে ঘিরে দুর্বিসহ রাত,
তবু জানি পাখির কূজন শেষে আনবে প্রভাত।
বড় বেশী কথা বলা হল,
আর নয় কোন কথা
এখন পাখির মুখোমুখি বসে
কিছুক্ষণ শুধু নীরবতা।