সাইফুল ইসলাম মৌন

কবিতা - আমার অভিধানে তুমি নেই

সাইফুল ইসলাম মৌন
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ প্রেমের কবিতা, বিরহের কবিতা

আমার অভিধানে তুমি নেই, কিম্বা তোমার সত্তা-
তবুও প্রতিটি শব্দের ভেতরে
তোমার ছায়ায় ফোটে উঠে অদৃশ্য এক ফুল রূপে,
যেন বৃষ্টি-না-হওয়া মেঘ
শুধু বিদ্যুতের প্রতিশ্রুতি বুকে লুকিয়ে রাখে।
অভিধান খুললে আমি পাই
ভালোবাসা, দুঃখ, আশা, মৃত্যু-
সব শব্দের সংজ্ঞা,
কিন্তু কোথাও নেই তোমার নাম,
যেন শিকড়-ছেঁড়া গাছের পাশে দাঁড়িয়ে
পাতা গুনছি, অথচ বৃক্ষের আত্মা নেই।
তুমি নেই, অথচ
“অপেক্ষা” শব্দটি পড়লেই বুক কেঁপে ওঠে,
“অশ্রু” মানেই চোখে নোনাজল ভরে ওঠে,
“ক্ষত” মানে আমার বুকের ভেতরে নিথর এক শূন্যতা।
অভিধান বোঝে না
কেন প্রতিটি শব্দ তোমার দিকে ইঙ্গিত করে।
আমার অভিধানে তুমি নেই—
যেন সমুদ্রর মানে শুধু জল,
কিন্তু ঢেউয়ের আর্তনাদ কোথাও লেখা নেই।
যেন আকাশ মানে শুধু বিস্তার,
কিন্তু তারার হারানো আলো
অর্থহীন থেকে যায় শুধু পৃষ্ঠার আড়ালে।
তুমি নেই বলেই
প্রতিটি অক্ষর ভেঙে পড়ে কঙ্কালের মতো,
যেন ভগ্ন মন্দিরে দেবতার প্রতিমা নেই,
কিন্তু পূজার ধূপ এখনো জ্বলছে।
তুমি নেই বলেই
প্রতিটি সংজ্ঞা আজ অসম্পূর্ণ।
আমি শব্দ খুঁজতে খুঁজতে বড্ডই ক্লান্ত,
অভিধানের প্রতিটি পাতায় ঘুরি,
কিন্তু তোমার সংজ্ঞা মেলে না কোথাও।
তুমি হয়তো সেই অনন্ত শব্দ,
যার অর্থ কেবল নীরবতা জানে,
যে শব্দের অনুবাদ নেই কোনো ভাষায়,
যে শব্দের উচ্চারণ নেই কণ্ঠে,
যে শব্দ কেবল হৃদয়ে জন্মায়,
আর চোখের সাগরে ভেসে ওঠে।
আমার অভিধানে তুমি নেই—
তবুও আমি জানি,
তুমি আছো প্রতিটি লুকানো ফাঁকে,
প্রতিটি ভাঙা অক্ষরে,
প্রতিটি নিঃশব্দ শূন্যতায়।
তুমি আছো সংজ্ঞার বাইরে,
তুমি আছো সীমারেখার বাইরে।
আমার অভিধান নিঃশেষ হবে একদিন,
শব্দ ঝরে পড়বে,
পাতা ছিঁড়ে যাবে সময়ের অবগাহনে।
কিন্তু তোমার নাম থাকবে—
আমার বুকের ক্ষতচিহ্নে,
আমার প্রভাহমান চোখের সাগরে,
আমার নিঃশ্বাসের অন্তর্লিখনে।
আমার অভিধানে তুমি নেই—
তবুও আমার সমগ্র ভাষা,
আমার সমগ্র ব্যাকরণ,
আমার সমগ্র কবিতা—
শুধু তোমাকেই ঘিরে লেখা, যেন তুমি থেকেও নেই।

পরে পড়বো
৯৩
মন্তব্য করতে ক্লিক করুন