মন জয়ের চেষ্টা
লেখক: সোহন ঘোষ।
( Sohan Ghosh )
হঠাৎ দেখি চাঁদ উঠেছে কালীঘরের মাথায়,
মনটা যেন নেচে উঠল চুপিসারে হায়!
ভাবনাতে গান এল তাই, গেলাম ছাদে ছুটে;
নিভৃত কোণে আপন মনে, কলম নিয়ে হাতে
লিখে ফেললাম আস্ত একটা প্রকৃতিরই গান,
মনটা ভরে উঠল ভালোবাসার টানে প্রাণ।
নিচে নেমে আসছি যখন, পুকুর-জল হঠাৎ বলে ওঠে—
“আজকের রাতটা ভরাও তোমার গানের স্রোতে!”
এমন সময় কোথা থেকে প্যাঁচার ঝাঁক ছুটে এসে
বলে—“তোমার গান শুনব আমরা গাছের ডালে বসে!”
কিছুক্ষণ চুপ থেকে বলি, “শোনাতে তো চাই,
তবলা-গিটার কিছুই তো নাই; বলো, কী করে শোনাই?”
হাওয়ার দোলায় গাছপালা আর ঝিঁঝিঁরা সব কয়,
বলল—“আমরাই দেব সুর, নেই তো তোমার ভয়।”
ছুটে এল জোনাকিরা, বলল—“আলো দেব,
তোমার গানের মঞ্চ সাজিয়ে, রূপে রাঙিয়ে দেব!”
ফুলেরা সব হাসতে হাসতে বলে—
“আমরা আছি তোমার সাথে,
রঙিন সাজে সাজিয়ে দেব তোমার মঞ্চটিকে।”
কোথা থেকে জানো, হঠাৎ হাজির হল
গিরগিটি আর ব্যাঙের দল।
বলল তারা হেঁকে—
“আমরা আজকে রাত জাগব, সবাই একসাথে!”
পিছু থেকে কে যেন বলল—
“আজকে ভরিয়ে তোলো রাত তোমার গান দিয়ে।”
কি আর করি! খুলি খাতা, গাইতে শুরু করি,
গানে গানে এই জগৎটাকে ভরিয়ে তোলার চেষ্টা করি।
• ২৮ জুন ২০২৫
~ সোহন ঘোষ।
(© Sohan Ghosh )

মন্তব্য করতে ক্লিক করুন