‘বিপ্লব দেখতে আসিনি, এসেছি বিপ্লবী হতে’— কাব্যগ্রন্থখানি মূলত কতিপয় বিচ্ছিন্ন কবিতার সংকলন। সময়ে-অসময়ে, খামখেয়ালীপনায় বিভিন্ন কবিতা লিখেছিলাম আমি, যেগুলোর কিছু স্থান পেয়েছে এই কাব্যগ্রন্থে।

কবিতা লেখার মুরোদ অদ্যাবধি অতটা হয়নি আমার। তারপরও মনের খোরাক মেটাতে লিখি। কখনো নিয়মিত, আবার কখনো অনিয়মিত; বিরতি দিয়ে, সময় নিয়ে। অন্নের তাগিয়ে যে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছি, সেখানে প্রতিনিয়ত লেখার সময় মিলে না। চাকুরি, সংসার, সামাজিকতা— সবকিছু মিটিয়ে কিছুটা অবসর পেলে লেখালেখির চেষ্টা করি, এই যা।

পূর্বে আমার অনেক রচনা হারিয়ে গেছে। ছাপাতে পারিনি। যা কিছু হাতের ভেতর আছে সেগুলো হারানোর ভয়ে বৎসর দু’য়েক আগে এক নতুন সিদ্ধান্তে উপনীত হলাম। ভাবলাম যা কিছু এ যাবৎ লিখেছি তা প্রথমে ছাপিয়ে নেই, তারপর না হয় নতুন কিছু লেখা যাবে। ফলশ্রুতিতে, আর্থিক সংকটের মধ্যেও ২০২২ বইমেলায় তিনটি বই প্রকাশ করেছিলাম। আর ’২৪ বইমেলায় প্রকাশ পাচ্ছে আরও একটি। “বিপ্লব দেখতে আসিনি, এসেছি বিপ্লবী হতে”— তারই ধারাবাহিতকতা মাত্র।