শ্রীজাত

কবিতা - সমাধি

শ্রীজাত
রবিবার, ০১ জুন ২০২৫ অন্যান্য কবিতা

এমন বৃষ্টিতে চিঠিরা পরপর সমাধি চায়।
যেখানে কেউ নেই, গাছেরা মনে রাখে স্মৃতিবিদায়,
সেখানে বৃষ্টিতে চিঠিরা পরপর সমাধি চায়।

তোমাকে বলি শোনো, এ পথে গেছে যত চারণদল
সকলে ভূমিহারা। অতীত বরাবর জনবিরল।
জলের দম্পতি মেঘেরা স্থানু আজও, নির্দ্বিধায়।

সবুজ ছাই ওড়ে, কুয়াশাপ্রবাদের ঘোড়াটি চুপ,
এখানে বাড়ি বাড়ি নরম ধোঁয়া ওঠে। গরিব স্যুপ।
একটি মেয়ে ছিল, সে আজ বন্দরে যাবে না প্রায়…

এমন বৃষ্টিতে চিঠিরা পরপর সমাধি চায়।

পরে পড়বো
১৫১
মন্তব্য করতে ক্লিক করুন