হাসান সজীব

কবিতা - কাঁপছে বাংলাদেশ

হাসান সজীব

কাঁপছে বাংলাদেশ

অনেক হয়েছে তামাশা, প্রহসন—
এবার দাও তার শেষ।
দেশবাসী শিখে গেছে
বাঁচাতে নিজের বাংলাদেশ।

তোমার চেতনার ভণ্ডামি আজ
বোঝে সমগ্র দেশবাসী—
ভয় করি না হামলা, মামলা,
কিংবা গলায় ঝুলানো ফাঁসি।

মিথ্যাচারকে পুঁজি করে
এগোতে দেবো না আর,
আমরা এখন জেনে গেছি
আমাদের ন্যায্য অধিকার।

রক্ত দিয়ে কেনা এই দেশ—
কারো বাপের স্বত্ব নয়,
কোন সাহসে ক্ষমতায় এসে
করছো প্রতারণার মত অন‍্যায়?

খুনি স্বৈরাচার তাড়িয়ে আমরা
ঘুচিয়েছি অন্ধকার,
ক্ষমতায় এসে ফিরিয়ে আনতে চাও
সেই পুরোনো অনাচার?

বিশ্বাস নিয়ে খেলো না আর,
বলছি তোমায় আবারও—
এই অন্যায় থামাও এখনই,
নইলে ক্ষমতা যাবে তোমারও।

প্রতিশ্রুতির নামে ভণ্ডামির খেলা—
এবার হোক তার শেষ,
রাগে, ক্ষোভে কাঁপছে শরীর,
যেমন কাঁপছে আমার বাংলাদেশ।

পরে পড়বো
২১

মন্তব্য করুন