শামীম আজাদ

কবিতা - শিরোনামহীন

শামীম আজাদ
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ বিরহের কবিতা

স্মৃতি ও প্রীতি আর যা কিছু অবশিষ্ট
ছিল পরিমিতি
মিলিয়ে দেখি,
যে এসেছিলো আর যে চলে গেলো-
তারা সমিল ছিল না।
এ ছিল আমূল অন্য কোন জন,
অচেনা অন্য কারো বীভৎস ওজন।

সে কী করে এত বদলালো
সেই একদিনের অমূল্য কথা
অলিক করে,
চিরদিনের দু:সহ স্মৃতি করে দিলো।

বলেছিলাম, পুরোটা না
একটু একটু ভাঙো
বদলাও, ঘষো নিজেরে
না হলে যে গল্প গরম রবে না-

স্পষ্ট মনে আছে
ব্যাংক ও বীমা এক করে
দুই জোড়া জিবরাইলের ডানা খেঁটে যাচ্ছিলাম
পতঙ্গকে পাখি ভেবে
পয়ারের পাহাড়ে পাহাড়ে আর
আকাশের অখণ্ড ধাতবের সমান্তরাল
উড়ছিলাম।

হয়তো ব্যথা জমছিলো
পালকের অগোচরে
ডানা ধরে এলো তার ভারে
বুঝিনি মানুষ দেবার কালটাই
রাখে মনে, নেবারটা না।

তুমিও কি জানতে না
যে লটকে ছিলে আমারেই ধরে
না হলে তুমিও কেন পড়ে গেলে!

মাটিতে পা গাঁথতে সময় নিলাম
পুরো দু’বছর
তারপর আজ বললাম,
কথা না দিয়েছিলে কথা রাখার?

তাকিয়ে বুঝি
কী বলছি একে এসব! যত্ত সব-
কথা দেবার সে লোক
আর কথা তুলে নেবার এ ব্লোক
তো একদম এক না।

পরে পড়বো
৩০৫
মন্তব্য করতে ক্লিক করুন