কবিতা — কোন এক মেয়ের গল্প

শনিবার, ০৪ জুলাই ২০২৬ বিদ্রোহী-দ্রোহের কবিতা, রূপক কবিতা

আলপথ ভিজে আছে ভোরের শিশিরে,
ধানের গন্ধে মেখে আছে প্রাচীন জনপদ—
সেখানে এক মেয়ে হেঁটে যায় চুপচাপ,
তার নাম কেউ ডাকে না।

সে-ই শান্তা।
না, সে রাজকন্যা নয় আজ,
না কোনো যজ্ঞের পূর্বশর্ত,
সে কেবল এক মেয়ে,
যাকে খুব সহজেই
ভুলে যাওয়া যায়।

রামায়ণ-এর বিস্তীর্ণ অক্ষরের ভিড়ে
তার নামটা যেন
আঁকাবাঁকা এক আলপথ…..
যেখানে আলো কম পড়ে,
তবুও পথ থাকে।

সে হাঁটে—
কাদামাটি লেগে থাকে পায়ে,
চোখে তার জমে থাকে প্রশ্নের জল।
তার কোন শৈশব ছিল না,
প্রয়োজনেই জন্ম যার
বিনিময়ে অবসান।

রাজপ্রাসাদের চৌকাঠ পেরিয়ে
সে যখন প্রথম পা রাখে অচেনা জনপদে,
পিছনে পড়ে থাকে
তার না-বলা ডাক,
“বাবা…”
দশরথ শুনতে পাননি…
নাকি শুনেও
মাটির নিচে চাপা দিয়েছেন?

আকাশ তখনও নীল ছিল,
কিন্তু শান্তার ভেতরে
ধীরে ধীরে জমে উঠছিল
একটা দীর্ঘ অন্ধকার।
সে কাঁদেনি জোরে,
জনপদের মেয়েরা কাঁদে না এভাবে,
তারা শিখে নেয়
কিভাবে মাটির মতো
সব ব্যথা শুষে নিতে হয়।

তবুও—
রাতের শেষে, যখন সব শব্দ থেমে যায়,
চাঁদের আলোয় আলপথটা ফিকে হয়ে আসে,
শান্তা থেমে দাঁড়ায়।
তার বুকের ভিতর
নরম এক আগুন জ্বলে ওঠে।

সে ভাবে,
যে যজ্ঞে জন্ম নেবে ভাইয়েরা,
সেই যজ্ঞের আগুনে
তার নিজের নামটাই কেন
আহুতি হয়ে গেল?
রামচন্দ্র আসবে,
ধর্ম আসবে, ন্যায় আসবে—
কিন্তু তার জীবনে
কে ফিরিয়ে দেবে সেই প্রথম ডাকে
“মেয়ে” বলে জড়িয়ে ধরার অধিকার?

আলপথটা তখন দীর্ঘ হয়—
সময় বদলায়, জনপদ বদলায়,
কিন্তু শান্তারা বদলায় না।
আজও তারা হাঁটে..
এই বাংলার গ্রামে, শহরে,
ধানের শিষে, কারখানার ধোঁয়ায়,
প্রেমের নামে, দায়িত্বের নামে
চুপচাপ দিয়ে যায় নিজেদের।

শান্তা হঠাৎ থেমে যায়—
আজ সে আর কাঁদে না।
তার পায়ের নিচে
আলপথটা শক্ত হয়ে ওঠে,
মাটির ভিতর থেকে
কেউ যেন বলে ওঠে,
“যথেষ্ট।”

সে মাথা তোলে—
চোখে আর জল নেই,
শুধু এক অদ্ভুত দীপ্তি।
সে বলে না চিৎকার করে—
ধীরে, খুব ধীরে বলে
“আমি দান নই।
আমি বিসর্জন নই।
আমি কোনো যজ্ঞের নীরব আগুন নই।”

আলপথে তখন হাওয়া ওঠে,
ধানের শিষ কেঁপে ওঠে—
পুরোনো জনপদ শুনে ফেলে
এক নতুন ভাষা।
শান্তা আর হারায় না—
সে মিশে যায় প্রতিটি মেয়ের ভেতরে,
যে নীরবে সহ্য করে,
তবুও একদিন
নিজের ভেতরেই জেগে ওঠে।

আলপথ এখনো আছে—
কিন্তু আজ সেখানে
শুধু হাঁটা নয়,
আজ সেখানে
ফিরে আসার শব্দও শোনা যায়।
……….. ………

২ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা