কবিতা — অন্ধ শহরের দিওয়ানা

আমি বেঁচে আছি কি না…….
এই প্রশ্নই আজ আমার কফিনের ঢাকনা।
রক্তের ভেতর শুনি নীরবতার আজান,
অস্থিমজ্জা একে একে বিদ্রোহ ভুলে যায়।
চারদিকে দুর্নীতিরা
শয্যাসঙ্গিনী হয়ে শুয়ে আছে রাষ্ট্রের বুকে!

তাদের ঘামের গন্ধে বাতাস কালো,
তাদের ঠোঁটে নীতির মিথ্যা আতরের শ্বাস ।
আমি শুধু অন্ধ নই—
এই আমার অপরাধ।

দেখে ফেলেছি নগ্ন ক্ষমতার উল্লাস,
দেখে ফেলেছি ন্যায়বিচারের বিবস্ত্র দেহ।
দূরে কার আর্তনাদ—
প্রেমিকা, না কি মাতৃভূমি?
তার কণ্ঠনালী চেপে ধরা হাত
কোন ধর্মের, কোন পতাকার—
জানি না।

শুধু দেখি, আকাশের গায়ে
রক্তের সিগনেচার।
আমি দেখিনি
বলতে বলতে চোখ দু’টি পাথর হয়ে যায়।
অন্ধ হয়ে আসা এই দৃষ্টি
আসলে লজ্জার মিনারে প্রলেপ আঁকা চাঁদ ।

হে শহর,
তোর প্রতিটি মিনারে আজ
মুনাফার প্রার্থনা।
হে মানুষ,
তোর প্রতিটি প্রেম আজ
স্বার্থের বেচাকেনা।

তবু শুনে রাখ,
আমার নীরবতাই হবে শাপ,
আমার ঘৃণাই হবে গজল,
যে গজলে প্রতিটি রদিফে জ্বলবে প্রতিবাদ,
প্রতিটি কাফিয়ায় ভেঙে পড়বে
সভ্যতার মুখোশ।

আমি বেঁচে আছি কি না,
সে উত্তর নয় গুরুত্বপূর্ণ,
গুরুত্বপূর্ণ এই যে
আমি এখনো লজ্জিত,
এখনো ক্রুদ্ধ,
এখনো অন্ধ হতে শিখিনি পুরোপুরি।

আর এই অসম্পূর্ণতাই কুঁড়ে কুঁড়ে
খায় আমার সম্পূর্ণ অপদার্থতা কে।
©আজিজুল হক

২ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা