কত আশা নিয়ে এসেছি সবাই,
যত আছে সুখ এই ধরণী পরে;
নিয়ে যাব চিরদিন হৃদয় ভরে,
কোনো দিন যাব না তো ফিরে।
সবারে হৃদয় দিয়ে বাসব ভালো;
রাখব জ্বেলে সদা প্রেমের আলো।
আকাশ, বাতাস, নদী-সাগরের জল,
সুন্দর এই ধরায়—বনের ফুল-ফল!
সুখের লাগি মানুষ সুন্দর ভূধরে,
কত কষ্ট সহন করে বাঁচার তরে।
জানি না স্বর্গ কত যে মহান,
এ ধরা স্বর্গের চেয়ে মহীয়ান;
হেথা হৃদয়ে হৃদয় দিয়ে ভালোবাসি,
চোখে চোখ রেখে কত আনন্দে হাসি!
কে আছে বলো গো এ ধরায়,
হাসিমুখে ছেড়ে চলে যেতে চায়?
যদি থাকে দুঃখ, যদি আছে বিরহ—
সে তো লাগে চলে গেলে কেহ।
তাই তো এসেছি সুখের ধরায়,
বুক ভরে সুখ ধরে রইব হেথায়;
যেতে দেব না জগত হতে কাহারেও,
যাক মুছে চিরতরে বিচ্ছেদ-বিদায়।

মন্তব্য করতে ক্লিক করুন